
‘প্রতিটি স্বপ্নের পথে, আমরা আছি তোমার সাথে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রোববার (১২ অক্টোবর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো বিশ্ব আর্থ্রাইটিস দিবসের বর্ণাঢ্য র্যালি।
ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ এবং বাংলাদেশ সোসাইটি অব ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের যৌথ উদ্যোগে সকাল ৯টায় শুরু হয় র্যালিটি। মিলন অডিটোরিয়াম থেকে শুরু হয়ে এটি কলেজ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে হাসপাতালের শহীদ মিনার গেটে গিয়ে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন ঢামেক হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এম. এম. জামান। তিনি আর্থ্রাইটিস রোগের কারণ, চিকিৎসা ও প্রতিরোধ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তিনি বলেন, আর্থ্রাইটিস কেবল বয়স্কদের নয়, তরুণদের মধ্যেও বাড়ছে। সঠিক চিকিৎসা, নিয়মিত ব্যায়াম, ওজন নিয়ন্ত্রণ এবং সুষম আহার এই রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও জানান, আর্থ্রাইটিসের চিকিৎসায় ফিজিক্যাল মেডিসিন, রিউমাটোলজি, মেডিসিন ও অর্থোপেডিক বিশেষজ্ঞদের সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন।
র্যালিতে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান, সরকারি কর্মচারী হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডা. মুহিবুর রহমান রাফে, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. আহসান হাবীব ও ডা. সোহেল রানা। এছাড়া বিভিন্ন বিভাগের অধ্যাপক, চিকিৎসক, নার্স এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা র্যালিতে অংশ নেন।
র্যালির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অধ্যাপক ডা. এম. এম. জামান। কর্মসূচি শেষে তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং আর্থ্রাইটিস সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে সবাইকে আহ্বান জানান।
মন্তব্য করুন