
দিনের শুরুতে বল হাতে দারুণ নিয়ন্ত্রণ দেখিয়েছেন তানজিম হাসান সাকিব। নতুন বল হাতে ইনিংসের সূচনা করে তিনি রেখেছেন শৃঙ্খলাবদ্ধ বোলিংয়ের নিদর্শন। অপর প্রান্তে মুস্তাফিজুর রহমানও রেখেছেন সমান কার্যকর ভূমিকা, নিখুঁত লাইন ও লেংথে আফগান ব্যাটারদের রান তোলা কঠিন করে তোলেন।
পঞ্চম ওভারে আসে প্রথম সাফল্য। তানজিম সাকিবের শর্ট অফ লেংথ বলে পুল করতে গিয়ে টাইমিংয়ে ভুল করেন রহমানুল্লাহ গুরবাজ। ডিপ স্কয়ার লেগে জাকের আলির হাতে ক্যাচ তুলে দেন তিনি। সাজঘরে ফেরার আগে করেন ১১ বলে ১১ রান।
তিনে নেমে সুবিধা করতে পারেননি সেদিকুল্লাহ অটল। তানভির ইসলামের বলে বড় শট খেলতে গিয়ে তানজিম সাকিবের হাতে ধরা পড়েন তিনি। করেন ১৩ বলে ৮ রান।
এরপর দলের হাল ধরার চেষ্টা করেন ইব্রাহিম জাদরান ও রহমত শাহ। তবে ইব্রাহিম পেশির চোটে ১১ বলে ৯ রান করে রিটায়ার্ড হার্ট হন।
অধিনায়ক মেহেদী হাসান মিরাজ শুরুতে কিছুটা খরুচে হলেও শেষ পর্যন্ত ব্রেকথ্রু এনে দেন। ১৮তম ওভারে তার অফ স্টাম্পের বাইরের বল ইনসাইড এজে বোল্ড হন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি (১২ বলে ৪)।
এরপর পরের ওভারেই লেগ স্পিনার রিশাদ হোসেন ফেরান আজমতউল্লাহ ওমরজাইকে। গুড লেংথের বল টার্ন নিয়ে ব্যাটে কানা ছুঁয়ে স্লিপে তানজিদ তামিমের হাতে জমা পড়ে।
তাতে ৭৯ রানে চতুর্থ উইকেট হারায় আফগানিস্তান। ২৩ ওভার শেষে তাদের সংগ্রহ ৪ উইকেটে ৯১ রান। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত একটি করে উইকেট নিয়েছেন তানজিম সাকিব, তানভির ইসলাম, মিরাজ ও রিশাদ হোসেন।
মন্তব্য করুন