
এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ম্যাচের মাত্র ১৩ মিনিটেই দারুণ এক ফ্রি-কিক গোলে বাংলাদেশকে এগিয়ে দেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী।
বক্সের বাইরে থেকে নেয়া তার তীব্র গতির ফ্রি-কিকটি হংকংয়ের এক ডিফেন্ডারের মাথা ছুঁয়ে জালে জড়ায়। গোলরক্ষক লাফিয়েও বল ঠেকাতে পারেননি। এতে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে যায়।
বাংলাদেশের জার্সিতে এটি হামজার দ্বিতীয় গোল। এর আগে গত ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে জামাল ভূঁইয়ার কর্নার থেকে হেডে গোল করেছিলেন তিনি। এবার হংকংয়ের বিপক্ষে ফ্রি-কিক থেকে আবারও নিজের দক্ষতার প্রমাণ রাখলেন এই প্রিমিয়ার লিগ তারকা।
ম্যাচের শুরু থেকেই হংকং গতিময় ফুটবল খেললেও, বাংলাদেশের দৃঢ় রক্ষণভাগ এখন পর্যন্ত সফলভাবে প্রতিরোধ গড়ে রেখেছে। রাইটব্যাক রহমত মিয়া ও গোলরক্ষক আনিসুর রহমান জিকোর পারফরম্যান্সও নজর কাড়ছে।
এই গ্রুপের অন্য ম্যাচে আজ সিঙ্গাপুর ১-১ গোলে ভারতের সঙ্গে ড্র করেছে। এতে সিঙ্গাপুর ৫ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে। বাংলাদেশ যদি হংকংয়ের বিপক্ষে জিততে পারে, তবে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরার দৌড়ে টিকে থাকবে। আর ড্র করলেও এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন গাণিতিকভাবে জীবিত থাকবে।
বাংলাদেশের ফুটবলপ্রেমীদের আশা, হামজার গোলে শুরু হওয়া এই এগিয়ে থাকা জয়েই রূপ নিক, যা দীর্ঘদিন পর আন্তর্জাতিক অঙ্গনে লাল-সবুজদের নতুন ইতিহাস লিখতে পারে।
মন্তব্য করুন