
রাজধানীর মালিবাগে অবস্থিত ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্স নামে একটি জুয়েলারি দোকানে সংঘটিত হয়েছে দুর্ধর্ষ চুরির ঘটনা। দোকানটি থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণালঙ্কার ও ৪০ হাজার টাকা চুরি হয়েছে বলে দাবি করেছে মালিকপক্ষ।
পুলিশের প্রাথমিক ধারণা, বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাতে এই চুরির ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।
ডিএমপির রমনা থানার পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম তারিক জানান, “আমাদের কাছে খবর আসার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে একদল চোর দোকানটির সাটারের তালা কেটে ভেতরে প্রবেশ করে স্বর্ণালঙ্কার চুরি করে। মালিকপক্ষ জানিয়েছে, প্রায় ৫০০ ভরি স্বর্ণ চুরি গেছে, তবে আমরা এখনো দাবির সত্যতা যাচাই করছি। সিআইডির টিম ঘটনাস্থলে কাজ করছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।”
পুলিশের হাতে আসা ফুটেজে দেখা গেছে, রাত ৩টার দিকে দুইজন মুখোশধারী বোরকা পরিহিত ব্যক্তি দোকানের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়।
শম্পা জুয়েলার্সের মালিক অচিন্ত্য বিশ্বাস বলেন, “আমার দোকানে প্রায় ৫০০ ভরি স্বর্ণালঙ্কার ছিল। এর মধ্যে ৪০০ ভরি ছিল দোকানের, আর ১০০ ভরি ছিল বন্ধকি স্বর্ণ। এছাড়া ৪০ হাজার টাকা নগদও নিয়ে গেছে। প্রতিদিনের মতো গত রাতেও দোকান বন্ধ করে বাসায় যাই। সকালে দারোয়ানের ফোনে খবর পাই দোকানে চুরি হয়েছে।”
চুরির ঘটনায় মালিকপক্ষ হতবাক ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। পুলিশ জানিয়েছে, দ্রুত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন