
প্রমাণভিত্তিক চিকিৎসা সেবায় অনন্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) ২০২৫ সালের জন্য ওয়ার্ল্ড এভিডেন্স-বেইসড হেলথকেয়ার (ইবিএইচসি) ডে কর্তৃক “এভিডেন্স অ্যাম্বাসেডর” হিসেবে নির্বাচিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) ওয়ার্ল্ড ইবিএইচসি ডে’র সরকারি ওয়েবসাইটে প্রকাশিত ঘোষণায় এই তথ্য জানানো হয়।
এই স্বীকৃতির মাধ্যমে বিএমইউ বিশ্বজুড়ে প্রমাণভিত্তিক স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করা শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর কাতারে স্থান করে নিয়েছে। এ অর্জন বিশ্ববিদ্যালয়ের গবেষণা, চিকিৎসায় উৎকর্ষতা এবং তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণে অবিচল অঙ্গীকারের প্রতিফলন বলে উল্লেখ করা হয়।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম ভিডিওগ্রাফি ক্যাটাগরিতে এবং প্রতিষ্ঠানভিত্তিক মান নিয়ন্ত্রণ সেলের (আইকিউএসি) অতিরিক্ত পরিচালক ডা. দীনে মুজাহিদ ফারুক ওসমানী ভিজ্যুয়াল মিডিয়া ক্যাটাগরিতে ব্যক্তিগতভাবে অ্যাম্বাসেডর স্বীকৃতি পেয়েছেন।
জানা গেছে, দায়িত্ব গ্রহণের পর থেকেই অধ্যাপক শাহিনুল আলম প্রমাণভিত্তিক স্বাস্থ্যসেবা উন্নয়নে নানা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। তাঁর নেতৃত্বে বিএমইউ ও আইকিউএসি’র উদ্যোগে দেশে ইতোমধ্যে ইভিডেন্স-বেইসড মেডিসিন (ইবিএম) বিষয়ক একাধিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে, যা বর্তমানে চলমান।
বিশেষজ্ঞরা বলছেন, এই আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের চিকিৎসা শিক্ষায় একটি নতুন দিগন্ত উন্মোচন করবে এবং ভবিষ্যতে প্রমাণভিত্তিক চিকিৎসা চর্চাকে আরও গতিশীল করবে।
মন্তব্য করুন