
আসন্ন জাতীয় নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালিত করতে ‘গভীর ষড়যন্ত্র’ চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের শিক্ষক সমাজকে এ বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত ‘শিক্ষক মহাসমাবেশে’ তিনি এই আহ্বান জানান। বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা, অবসর বয়স ৬৫ বছর নির্ধারণ, নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ এবং শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে বিএনপি-সমর্থিত শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
মির্জা ফখরুল বলেন, “আজ গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে যে সেই নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালিত করার। কেউ যেন সেটিকে অন্যদিকে নিতে না পারে, সেদিকে আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।”
তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য একটাই—শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়া। আমাদের পথ একটাই, সেটা হচ্ছে বাংলাদেশ।”
শিক্ষকদের দাবি বিএনপির ৩১ দফার কর্মসূচিতে অন্তর্ভুক্ত বলে উল্লেখ করেন তিনি। “আমাদের জাতি হিসেবে আপনাদের কাছে একটা দাবি আছে,” বলেন মির্জা ফখরুল, “আপনারা শিক্ষার্থীদের এমনভাবে মানুষ হিসেবে গড়ে তুলবেন যেন তারা নৈতিক, আদর্শ ও আধুনিক নাগরিক হয়ে ওঠে।”
লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সমাবেশে বক্তব্য রাখেন।
শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে এবং অতিরিক্ত মহাসচিব জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এএসএম আমানুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দারসহ কেন্দ্রীয় ও আঞ্চলিক শিক্ষকনেতারা বক্তব্য রাখেন।
এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, আফরোজা বেগম রীতা এবং অন্যান্য কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন