
ইউনেসকোর ৪৩তম সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। মঙ্গলবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
ফারুকী জানান, জাপানের বিপক্ষে ৩০-২৭ ভোটে বাংলাদেশ জয়লাভ করে ইউনেসকোর আসন্ন ৪৩তম সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে। এই নির্বাচনে শুরুতে বাংলাদেশ, জাপান, কোরিয়া ও ভারত প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ পর্যায়ে এসে কোরিয়া ও ভারত তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেয়।
ইউনেসকোর এই মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত হওয়ায় আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের কূটনৈতিক ও সাংস্কৃতিক সাফল্যের নতুন অধ্যায় রচিত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রসঙ্গত, ইউনেসকোর ৪৩তম সাধারণ সম্মেলন আগামী ৩০ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলোর শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান খাতের নীতিনির্ধারণী নানা বিষয় নিয়ে আলোচনা হবে, যেখানে বাংলাদেশ সভাপতির দায়িত্ব পালন করবে।
মন্তব্য করুন