
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি উদ্যোগে সম্মতি জানিয়েও আগ্রাসন থামায়নি ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতির কথা থাকলেও শুক্রবার (৩ অক্টোবর) থেকে সোমবার (৬ অক্টোবর) পর্যন্ত ইসরায়েলি হামলায় ১০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
মিশরে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও সোমবার সকালে নতুন করে ইসরায়েলি হামলায় আরও সাতজনের মৃত্যু হয়। গাজাভিত্তিক সরকারি গণমাধ্যম কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত দুই দিনে ইসরায়েলি বাহিনী অন্তত ৯৪ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। আবাসিক এলাকা, শরণার্থী শিবির ও ত্রাণ বিতরণ কেন্দ্র লক্ষ্য করে ১৩১টি বিমান ও কামান হামলা চালানো হয়।
গাজায় চলমান এই আগ্রাসনে এখন পর্যন্ত ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) জানিয়েছে, নিহতদের মধ্যে ২০ হাজারেরও বেশি শিশু। আহত হয়েছে ৪২ হাজারের বেশি শিশু, যাদের মধ্যে অন্তত ২১ হাজার স্থায়ীভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে।
এদিকে, আন্তর্জাতিক সম্প্রদায় যুদ্ধবিরতি রক্ষায় ইসরায়েলকে সংযত হওয়ার আহ্বান জানালেও দেশটির সামরিক বাহিনী হামলা অব্যাহত রেখেছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের শান্তি প্রস্তাব কার্যকর না হলে মধ্যপ্রাচ্যে মানবিক সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে।
মন্তব্য করুন