
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
রবিবার (৫ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “সংসদ নির্বাচনের দিন গণভোটে কোনো বাধা নেই। সনদে কী থাকবে, তা জনগণের কাছে উন্মুক্ত থাকবে। এই রায় হবে চূড়ান্ত। আগামী সংসদ গণভোটের রায় মানতে বাধ্য থাকবে।”
তিনি আরও জানান, জাতীয় ঐকমত্য কমিশনে সনদ বাস্তবায়ন প্রক্রিয়া এখন ফাইনাল স্টেজে রয়েছে। “মোটামুটি চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, একমত হয়েছি। জুলাই জাতীয় সনদ ২০২৫ অধ্যাদেশ জারি করা যেতে পারে,” বলেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, নোট অব ডিসেন্ট থাকা বিষয়গুলো রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে স্থান পাবে।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও জানান, বিচার বিভাগীয় পরামর্শ নেওয়ার দাবিতে অনড় অবস্থান থেকে দলটি সরে এসেছে। তিনি বলেন, “আমরা এখন জুলাই জাতীয় সনদ ২০২৫ নামে অধ্যাদেশ জারি এবং তারপরে গণভোটের পক্ষে।”
মন্তব্য করুন