
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “আমরা আশা করছি এবারের পূজা সুন্দর ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হবে। র্যাবের ১৫টি ব্যাটালিয়ন সারাদেশে পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ে নিরাপত্তা দিচ্ছে।”
র্যাব মহাপরিচালক জানান, প্রতিটি পূজামণ্ডপে টহল দল মোতায়েন রয়েছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্য এবং সাইবার টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি করছে, যাতে কেউ গুজব ছড়িয়ে উৎসবের পরিবেশ নষ্ট করতে না পারে। তিনি বলেন, “যদি কোনো তথ্য আসে, তা যাচাইয়ের সুযোগ দিতে হবে। মিথ্যা প্রমাণিত হলে গুজবকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আর সত্য হলে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে।”
তিনি আরও বলেন, পূজার প্রথম দিন থেকে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সবক্ষেত্রেই দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। আয়োজকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “দিনরাত ২৪ ঘণ্টা স্বেচ্ছাসেবক রাখুন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা করুন। বিশেষ করে নারী ও শিশুরা যেন নিরাপদে পূজামণ্ডপে আসতে পারে, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।”
র্যাব সদর দপ্তর থেকে জানানো হয়েছে, দুর্গাপূজা ২০২৫ উপলক্ষ্যে সারাদেশের ৩৩ হাজার ৩৫৫টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। র্যাব ২৪ সেপ্টেম্বর থেকে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করেছে, যা চলবে ৩ অক্টোবর পর্যন্ত। এছাড়া ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং স্পেশাল ফোর্সের কমান্ডো টিম সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে, যাতে যেকোনো নাশকতা বা উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা করা যায়।
র্যাব মহাপরিচালক আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। র্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্মিলিতভাবে কাজ করছে, যাতে দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশেই উদযাপিত হয়।
মন্তব্য করুন