
টাইফয়েড প্রতিরোধে জাতীয় টিকাদান কর্মসূচি সফল করতে মাগুরায় দিনব্যাপী সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের উদ্যোগে এবং ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করা হয়।
শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা তথ্য কর্মকর্তা পাভেল দাস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। এছাড়া ভার্চুয়ালি যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক (অর্থ ও লজিস্টিক) নাসিমা খাতুন।
কর্মশালায় সিভিল সার্জন মো. শামীম কবির, জেলা শিক্ষা অফিসের কর্মকর্তাগণ, স্কাউটস জেলা কার্যালয়ের পরিচালক, অভিভাবক ও সংশ্লিষ্টরা অংশ নেন। এছাড়া গার্লস গাইড ও স্কাউটসের মোট ৪৫ জন ভলান্টিয়ার কর্মশালায় অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, টাইফয়েড একটি মারাত্মক জলবাহিত রোগ। এ রোগ প্রতিরোধে টিকা অত্যন্ত কার্যকর। তাই টিকাদান কর্মসূচি সফল করতে স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক এবং শিক্ষার্থীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
কর্মশালায় জানানো হয়, সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) আওতায় আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। এ ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি বা সমমান পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা দেওয়া হবে।
মন্তব্য করুন