
রাঙ্গামাটির পাহাড়ে সাম্প্রদায়িক শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২টায় জেলার লংগদু জোনে এ সভা হয়।
সভায় সেনাবাহিনীর লংগদু জোনের জোন অধিনায়ক লেফট্যান্যান্ট কর্নেল মীর মোর্শেদ এসপিপি পিএসসির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর রিফাত উদ্দীন। এছাড়া স্থানীয় পুলিশ, আনসার, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা পার্বত্য অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার ওপর জোর দেন। বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী যেকোনো অপতৎপরতা রুখতে প্রশাসন, সেনাবাহিনী এবং স্থানীয় জনগণের মধ্যে নিবিড় সমন্বয় অপরিহার্য।
জোন কমান্ডারের পক্ষ থেকে জানানো হয়, পাহাড়ে উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে হলে সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সেনাবাহিনী সর্বদা স্থানীয় প্রশাসন ও জনগণের পাশে রয়েছে এবং থাকবে। তিনি স্পষ্ট করে বলেন, কোনো ধরনের সহিংসতা মেনে নেওয়া হবে না।
আসন্ন হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা ও বৌদ্ধ ধর্মীয় কঠিন চীবরদান উপলক্ষে তিনি সবাইকে ধর্মীয় কার্যক্রম শান্তিপূর্ণভাবে পালন করার আহ্বান জানান। কেউ যদি এই সময়ে ঝামেলা সৃষ্টি করে, তবে কঠোর হাতে দমন করা হবে বলে সতর্ক করা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, যেকোনো সহিংসতার ঘটনা সঙ্গে সঙ্গে স্থানীয় সেনাক্যাম্প বা জোন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। লংগদু জোন সর্বদা জননিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে।
সভায় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে শান্তি রক্ষায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি ও ঐক্য বজায় রাখার দৃঢ় অঙ্গীকারও ব্যক্ত করা হয়।
মন্তব্য করুন