
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় তিনজন পাহাড়ি নিহত হয়েছেন। এ ঘটনায় সেনাবাহিনীর এক মেজরসহ অন্তত ১৩ জন সেনা সদস্য আহত হয়েছেন। এছাড়া গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও আরও তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে এ হামলার ঘটনা ঘটে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (উপপ্রধান তথ্য অফিসার/পরিচালক) ফয়সল হাসান এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মন্ত্রণালয় এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে। পাশাপাশি জানানো হয়েছে, দুষ্কৃতকারীদের বিরুদ্ধে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে বলেছে, কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।
বিবৃতিতে সবাইকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানানো হয়েছে। মন্ত্রণালয় আরও জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে এবং এ বিষয়ে তদন্ত চলছে। পাশাপাশি সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করা হয়েছে।
মন্তব্য করুন