
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় সাপের কামড়ে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে এক শিশুর মৃত্যু হয়েছে। এন্টিভেনমের অভাবেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
মারা যাওয়া শিশুটির নাম আব্দুল্লাহ (৮)। সে জুনিয়াদহ গ্রামের দুলাল হোসেন মাওলার ছেলে। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১টার দিকে তাকে গুরুতর অবস্থায় ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আড়াই ঘণ্টা পর রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হোসেন ঈমাম বিষয়টি নিশ্চিত করে জানান, আমাদের হাসপাতালে এন্টিভেনম একেবারেই নেই এবং রোগীও অনেক দেরি করে এসেছে। আমরা অনেকদিন ধরেই এন্টিভেনম সরবরাহের জন্য আবেদন করে আসছি।
স্থানীয় সূত্রে জানা যায়, সদর হাসপাতালসহ কুষ্টিয়ার কোনো ফার্মেসিতেও সাপের বিষ প্রতিষেধক মজুদ ছিল না। ফলে শিশুটি বিনা চিকিৎসায় মারা যায়।
এ বিষয়ে হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত কয়েকজন কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলেও কেউ স্পষ্ট জবাব দিতে পারেননি। তত্ত্বাবধায়ক ডা. আবদুল মন্নান জানান, তিনি ছুটিতে চট্টগ্রামে আছেন। সহকারী পরিচালক ডা. মো. নাসির উদ্দীন বলেন, রোগীর মৃত্যুর খবর শুনেছেন তবে সুনির্দিষ্ট কারণ জানেন না।
অন্যদিকে জেলা সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন ফোনে ব্যস্ততার অজুহাতে কোনো মন্তব্য না করেই সংযোগ কেটে দেন।
জানা গেছে, কুষ্টিয়া সদর হাসপাতালে দীর্ঘদিন ধরেই এন্টিভেনমের সংকট রয়েছে। শুধু গত তিন মাসে সাপের কামড়ে অন্তত ৫ থেকে ৬ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিয়মিত প্রতিষেধক সরবরাহ না থাকায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত এ সমস্যার স্থায়ী সমাধান এবং নিয়মিত এন্টিভেনম সরবরাহের দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন