
সরকার ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে। এ বছর সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা, যা গত বছরের তুলনায় কিছুটা কম। বিমানভাড়া কমানোয় খরচ কমলেও স্বাস্থ্যবিমা ও অন্যান্য খরচ বাড়ায় প্যাকেজের সামগ্রিক ব্যয় বেশি হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) ধর্ম মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন তিনটি সরকারি প্যাকেজ ঘোষণা করেন। এর আগে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় প্যাকেজ অনুমোদন দেওয়া হয়।
২০২৫ সালে সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১ এ খরচ হয়েছিল ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা এবং প্যাকেজ-২ এ ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। বেসরকারিভাবে সর্বনিম্ন খরচ ধরা হয়েছিল ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর সৌদি সরকার স্বাস্থ্যবিমার পরিমাণ ১৩০ সৌদি রিয়াল বাড়িয়েছে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার ২৭০ টাকা)। মিনা ও আরাফায় তাঁবুর ভাড়া বেড়েছে ৪.২ শতাংশ। এছাড়া, প্রথমবারের মতো ‘দমে শোকর’ বাবদ ৭২০ সৌদি রিয়াল (২৩ হাজার ৬৫২ টাকা) বাধ্যতামূলক করা হয়েছে।
এছাড়া সৌদি রিয়ালের বিনিময় হার গত বছরের তুলনায় বেড়ে দাঁড়িয়েছে ৩২ টাকা ৮৫ পয়সায়। এসব বিষয় বিবেচনা করে নতুন প্যাকেজ ঘোষণা করা হয়েছে।
হজ প্যাকেজ-১ (বিশেষ):
মক্কা ও মদিনায় ২ ও ৩ সিটের রুম আপগ্রেডেশন ও শর্ট প্যাকেজ সুবিধা থাকবে। অবস্থানকাল ২২-৩০ দিন (শর্ট) বা ৩৫-৪৭ দিন (সাধারণ)। খরচ ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা।
হজ প্যাকেজ-২:
মক্কায় হারাম শরীফ থেকে ১.২–১.৮ কিলোমিটার দূরে আবাসন, মদিনায় সেন্ট্রাল এরিয়ায় সুবিধা। একরুমে সর্বোচ্চ ৬ জনের আবাসন, মিনায় জোন-২ তাঁবু এবং ‘ডি’ ক্যাটাগরির সেবা। খরচ ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা।
হজ প্যাকেজ-৩ (সাশ্রয়ী):
মক্কায় আজিজিয়া এলাকায় এবং মদিনায় মারকাজিয়ার বাইরে আবাসন। একরুমে সর্বোচ্চ ৬ জনের আবাসন, মিনায় জোন-৫ তাঁবু এবং সাধারণ সেবা। খরচ ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা।
বেসরকারি হজ এজেন্সিগুলোর জন্য সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৫ লাখ ৯ হাজার ১৮৫ টাকা। এর নিচে কোনো প্যাকেজ ঘোষণা করা যাবে না। সরকার জানিয়েছে, প্রত্যেক হজযাত্রীকে প্রতিদিন ন্যূনতম ৩৫ সৌদি রিয়াল খাবারের জন্য ব্যয় করতে হবে, যা যাত্রীদের নিজ দায়িত্বে বহন করতে হবে।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রীদের সুবিধার্থে এবার প্রথমবার সরকারি ব্যবস্থাপনায় আজিজিয়া এলাকায় আবাসনের ব্যবস্থা করা হয়েছে। বহু বছর ধরে ইন্দোনেশিয়া, পাকিস্তান ও মালয়েশিয়ার হাজীদের এ এলাকাতেই রাখা হয়।
মন্তব্য করুন