
২০২৫ এশিয়া কাপ টি-টোয়েন্টির সুপার ফোর পর্বে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। অনেকেই একে ‘অঘোষিত সেমিফাইনাল’ বলছেন। কারণ, ম্যাচটির ফল নির্ধারণ করবে কোন দল ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে, আর কোন দল ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে।
আজকের ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। দুই দলের মুখোমুখি লড়াইয়ের সামগ্রিক পরিসংখ্যানে পাকিস্তান এগিয়ে থাকলেও সাম্প্রতিক পারফরম্যান্সে বাংলাদেশ সমান তালে চ্যালেঞ্জ জানাচ্ছে।
টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ২৫ বার। এর মধ্যে বাংলাদেশ জিতেছে মাত্র ৫ ম্যাচ, আর পাকিস্তান জিতেছে ২০ বার। তবে শেষ চার ম্যাচের মধ্যে দুটিতে জয় পেয়েছে লিটন দাসের বাংলাদেশ।
এর চেয়েও বড় প্রেরণা হলো, এশিয়া কাপ শুরুর আগে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় (২-১)। ফলে সাম্প্রতিক পরিসংখ্যান বাংলাদেশকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে।
আজকের ম্যাচে লিটন দাস খেলবেন কি না, সেটি নিয়েও রয়েছে জল্পনা। টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে পাকিস্তান চাইছে তাদের ব্যাটিং লাইনআপ থেকে ধারাবাহিক রান পেতে।
এখন প্রশ্ন একটাই—কে যাবে ফাইনালে ভারতের বিপক্ষে? বাংলাদেশ নাকি পাকিস্তান? সব প্রশ্নের উত্তর মিলবে মাঠে কয়েক ঘণ্টার মধ্যেই।
মন্তব্য করুন