
গাজার উদ্দেশে যাত্রারত আন্তর্জাতিক সহায়তা বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা দাবি করেছে, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত থেকে বুধবার ভোর পর্যন্ত গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে অবস্থানকালে তাদের একাধিক নৌকায় সমন্বিত ড্রোন হামলা চালানো হয়েছে। সংগঠকরা বলেছেন, হামলার সময় বিস্ফোরণের শব্দ, যোগাযোগ বিভ্রাট এবং অজ্ঞাত বস্তু নিক্ষেপের ঘটনা ঘটেছে।
ব্রাজিলিয়ান সংগঠক তিয়াগো আভিলা সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, প্রায় ১০টি আক্রমণে সাউন্ড বোমা ও বিস্ফোরক ফ্লেয়ার ব্যবহার করা হয়েছে। আমাদের সন্দেহ, কিছু নৌকার ওপর রাসায়নিক তরল স্প্রে করা হয়েছে।
মার্কিন কর্মী গ্রেগ স্টোকার বলেন, তার নৌকার ওপর কোয়াডকপ্টার ড্রোন থেকে বিস্ফোরক নিক্ষেপ করা হয়। তিনি আরও জানান, এ ধরনের একাধিক নৌকা হামলার শিকার হয়েছে, আমরা আতঙ্কিত হলেও বহর থামাচ্ছি না।
হামলায় হতাহতের কোনো তথ্য এখনো নিশ্চিত করা যায়নি। তবে স্বেচ্ছাসেবীরা দাবি করেছেন, তাদের নৌকার যোগাযোগ ব্যবস্থা কয়েক ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায়, যা উদ্ধার কার্যক্রমের ঝুঁকি বাড়িয়েছে।
ইসরায়েলি কর্তৃপক্ষ এখনো এসব অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করেনি। আন্তর্জাতিক মহলে ঘটনাটি নতুন করে উদ্বেগ তৈরি করেছে, কারণ এই ফ্লোটিলা গাজার অবরুদ্ধ জনগণের জন্য চিকিৎসা ও খাদ্য সহায়তা বহন করছিল।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মানবিক সহায়তা দেওয়ার জন্য স্বেচ্ছাসেবী ও আন্তর্জাতিক কর্মীদের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। আভিলা বলেন, “আমরা গাজার মানুষদের পাশে আছি। যেকোনো বাধা সত্ত্বেও সাহায্য পৌঁছে দেওয়ার অঙ্গীকার আমরা অটুট রাখব।
পর্যবেক্ষকরা বলছেন, হামলার ঘটনা প্রমাণিত হলে এটি শুধু আন্তর্জাতিক সামুদ্রিক আইনের লঙ্ঘনই নয়, মানবিক ত্রাণ প্রচেষ্টার ওপর গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হবে।
মন্তব্য করুন