
অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন দুর্গাপূজা চলাকালে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কোনো বিচ্ছিন্ন ঘটনা প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় রয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগরীর গোলপাহাড় মহাশ্মশান কালীমন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।
খালিদ হোসেন বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে থাকে, যা মাজার বা মন্দিরের মতো উপাসনালয়কে অপবিত্র করার চেষ্টা করে। যারা ধর্মীয় স্থাপনায় হামলা করে বা অপবিত্র করতে চায়, তাদের কোনো ধর্মীয় পরিচয় নেই, তারা কেবল অপরাধী। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সতর্ক থাকতে হবে।
পূজামণ্ডপ ও মন্দিরগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, রাতের বেলা হামলা বা ঢিল ছোড়ার মতো ঘটনা প্রতিরোধে এটি কার্যকর ভূমিকা রাখবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দারা সর্বদা তৎপর রয়েছে। এছাড়া জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনা করে হটলাইন চালু রাখা হয়েছে, যাতে কোনো আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিক সহায়তা পাওয়া যায়।
স্থানীয় বিভিন্ন ধর্মের মানুষকে দুর্গাপূজায় সম্পৃক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো ব্যক্তি যদি ধর্ম অবমাননা বা অন্য কোনো অপরাধ করেন, তার দায়ভার ওই ব্যক্তির, কোনো সম্প্রদায়ের নয়। আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি।
তিনি আরও বলেন, বাংলাদেশ সবার প্রথম এবং শেষ ঠিকানা। সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টিকারীরা মানবিকতার বোধ হারিয়েছে। একজন মানুষের ধর্মীয় পরিচয় জানার চেয়ে তার মানবিক পরিচয় জানাটা বেশি জরুরি। আমি আশাবাদী, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি রোল মডেল হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি পাবে।
মতবিনিময় সভায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিতসহ মন্দির পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন