
চট্টগ্রামের কর্ণফুলীতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সম্পত্তি ও ঋণসংক্রান্ত নথিপত্রের সন্ধানে দুর্নীতি দমন কমিশন (দুদক) বিশেষ অভিযান চালিয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার শিকলবাহা ফকিরা মসজিদ এলাকার তালুকদার বাড়িতে জাবেদের স্ত্রীর ব্যক্তিগত গাড়িচালক ইলিয়াস তালুকদারের বাসায় অভিযান চালিয়ে ২৩ বস্তা নথি উদ্ধার করা হয়।
এর আগে বৃহস্পতিবার ও শুক্রবার একই স্থানে দু’দফা অভিযান চালানো হলেও কোনো নথি মেলেনি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নতুন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে ফের অভিযান চালায় দুদক। প্রায় দুই ঘণ্টার এ অভিযানে দুদকের ঢাকা প্রধান কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমানের নেতৃত্বে একটি টিম, স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এবং কর্ণফুলী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
দুদকের উপপরিচালক মশিউর রহমান জানান, সাবেক মন্ত্রীর ঋণ ও বিদেশি সম্পদ অনুসন্ধানে গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি—মো. আব্দুল আজিজ ও উৎপল পালের রিমান্ডে পাওয়া তথ্যের ভিত্তিতেই এ অভিযান চালানো হয়েছে। জব্দ করা নথি যাচাই-বাছাইয়ের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।
এই অভিযান দুদকের চলমান দুর্নীতি তদন্তের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। তদন্তে জব্দকৃত নথি সাবেক মন্ত্রীর সম্পদ ও আর্থিক লেনদেনের বিষয়ে নতুন তথ্য উন্মোচনে সহায়ক হতে পারে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করুন