
আসন্ন জাতীয় নির্বাচন ও পবিত্র রমজানের কারণে অমর একুশে বইমেলা-২০২৬ এর সময়সূচি আগেই নির্ধারণ করা হয়েছে। মেলা শুরু হবে চলতি বছরের ১৭ ডিসেম্বর ২০২৫ এবং চলবে ১৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির শহীদ মুনির চৌধুরী সভাকক্ষে তারিখ নির্ধারণ সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, একাডেমির সচিব ও পরিচালকবৃন্দ, এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিরা।
বাংলা একাডেমি সূত্র জানায়, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ায় এবং এরপর রমজান শুরু হওয়ার কারণে বইমেলার প্রচলিত ফেব্রুয়ারি তারিখ পরিবর্তন করতে হয়েছে। এবারও বইমেলায় দেশের স্বনামধন্য প্রকাশক, লেখক, গবেষক ও পাঠকদের মিলনমেলা বসবে। মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও বই প্রকাশনার নানা আয়োজন থাকবে বলে জানানো হয়েছে।
বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের সবচেয়ে বড় এই বইমেলাকে ঘিরে ইতিমধ্যে প্রকাশনা শিল্পের প্রস্তুতি শুরু হয়েছে। প্রকাশকরা বলছেন, সময়সূচি পরিবর্তিত হলেও বইমেলার প্রাণচাঞ্চল্য এবং নতুন বইয়ের জোয়ার পাঠকদের জন্য সমান আকর্ষণীয় হবে।
মন্তব্য করুন