
দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারির আবেদন করেছে। বৃহস্পতিবার চট্টগ্রামের সিনিয়র মহানগর স্পেশাল জজ (ভারপ্রাপ্ত) আবদুর রহমানের আদালতে এই আবেদন দাখিল করা হয়।
দুদকের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোকাররম হোসাইন জানান, সাইফুজ্জামান ও তার স্ত্রী একাধিক দুর্নীতি মামলার আসামি। আবেদনটি পর্যালোচনা করে আদালত শুনানির জন্য আগামী রবিবার (২১ সেপ্টেম্বর) দিন ধার্য করেছেন।
বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে সাইফুজ্জামান ও রুকমিলা জামানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ২০২৪ সালের ৫ অগাস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে অনুসন্ধানের দায়িত্ব পান দুদকের উপ-পরিচালক মশিউর রহমান।
চলতি বছরের ১৭ এপ্রিল ২০ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগে এই দম্পতির বিরুদ্ধে মামলা হয়। আদালত ইতিমধ্যে তাদের যুক্তরাজ্যে ৩৪৩টি, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি, যুক্তরাষ্ট্রে ৯টি এবং অন্যান্য দেশে স্থাবর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে গত ৫ মার্চ তাদের নামে থাকা ৩৯টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দেওয়া হয়, যেগুলোতে ৫ কোটি ২৬ লাখ টাকার বেশি জমা আছে।
এছাড়া তাদের নামে থাকা ১০২ কোটি টাকার শেয়ার ও ৯৫৭ বিঘা জমিও জব্দ করা হয়েছে। ২০২৪ সালের ৭ অক্টোবর আদালত সাইফুজ্জামান ও রুকমিলা জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞাও জারি করে।
দুদকের কর্মকর্তারা জানিয়েছেন, তারা বিশ্বাস করেন যে অভিযুক্তরা বর্তমানে বিদেশে অবস্থান করছেন। ইন্টারপোলের রেড নোটিশ জারি হলে তাদের গ্রেপ্তার ও দেশে প্রত্যাবর্তনের প্রক্রিয়া সহজ হবে।
মন্তব্য করুন