
বাংলাদেশি জনপ্রিয় অভিনেতা আফরান নিশো সম্প্রতি কাজাখস্তানের এক দুর্গম এলাকায় শুটিং করতে দেখা গেছে। তার সঙ্গে ছিলেন নির্মাতা রেদওয়ান রনি, প্রযোজক শাহরিয়ার শাকিল আর্ট ডিরেক্টর শহীদুল ইসলামসহ আরও কয়েকজন বিদেশি ক্রু। এ দৃশ্য নতুন সিনেমা দম এর শুটিংয়ের ইঙ্গিত দিচ্ছে, যা আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাওয়ার কথা।
এক সাক্ষাৎকারে নিশো জানিয়েছেন, রেদওয়ান রনির এই সিনেমা হবে বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ সারভাইভাল স্টোরি। তিনি বলেন, রেদোয়ান রনির অনেক দিন পর কামব্যাক। সে ডেডিকেটেড এবং গল্প নিয়ে অনেক ভাবছে। দীর্ঘদিন ধরে এই গল্পটি লিখেছে এবং এটি বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে একেবারে প্রথম সারভাইভাল স্টোরি হতে যাচ্ছে।
নিশো আরও যোগ করেন গল্পটা শোনার পর আমি পুরোপুরি চরিত্রের ভেতরে চলে গেছি। আমার কাছে এটি অসাধারণ মনে হয়েছে। যদি শাকিল এবং রনি সঠিকভাবে এক্সিকিউট করতে পারে, তবে এটি অনবদ্য একটি গল্প হবে। তবে আমাকে এখানে প্রচুর কষ্ট করতে হবে। চরিত্রটি অনেক চ্যালেঞ্জিং প্রচণ্ড কষ্ট ও স্ট্রাগল রয়েছে।
প্রযোজক শাহরিয়ার শাকিল জানিয়েছেন, সিনেমাটি আন্তর্জাতিক মান বজায় রেখে নির্মিত হচ্ছে এবং দর্শকদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা আনবে। আর্ট ডিরেক্টর শহীদুল ইসলাম জানান, কাজাখস্তানের দুর্গম প্রাকৃতিক পরিবেশ বেছে নেওয়া হয়েছে গল্পের বাস্তবতা ফুটিয়ে তোলার জন্য।
‘দম’ সিনেমার শুটিং শেষ হলে পোস্ট প্রোডাকশন কাজ দ্রুত শুরু হবে এবং আগামী ঈদুল ফিতরে দেশজুড়ে মুক্তির পরিকল্পনা রয়েছে।
মন্তব্য করুন