
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, যারা ফেব্রুয়ারির নির্ধারিত নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে, তারা প্রধান উপদেষ্টার কাছাকাছিই রয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশ নামের সংগঠনের আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
ফারুক বলেন, হাসিনা এবং তার মেয়ে দিল্লিতে রয়েছেন। বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী, তিনিও দিল্লিতে। যারা আমাদের রক্ত দিয়ে বাংলাদেশকে তছনছ করেছে, তাদের মধ্যে যারা ষড়যন্ত্রের সঙ্গে জড়িত, দু-একজন ছাড়া কাউকে গ্রেফতার করা হয়নি। সচিবালয়ে এখনো আওয়ামী লীগের প্রেতাত্মা রয়েছে।
সাবেক এই সংসদ সদস্য অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশনের প্রধান ইতিমধ্যেই গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। কিন্তু আপনার (প্রধান উপদেষ্টা) ঘোষিত রোডম্যাপের পর এরা আবার শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করে নির্বাচনের ট্রেন থামানোর জন্য প্রস্তুতি নিচ্ছে।
রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে ফারুক বলেন, যারা আন্দোলনে ছিলেন, তারা হয়তো এখন কিছুটা দূরে আছেন। আমি তাদের বলব বাংলাদেশ ও দেশের মানুষকে ভালোবাসুন। হাসিনার মতো কথা বলে আমরা ক্ষমতায় যেতে চাই না। আমার নেতা তারেক রহমান বলেছেন, ‘আমার ভোট আমি দেব, জিতলে লড়াই চলবে যারা ১৬ বছর নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে যেমন সততা ও আপসহীনতার জন্য মানুষ ভালোবেসেছে, তেমনি গণতন্ত্র রক্ষার জন্য ছয় বছর ধরে নেতাকর্মীদের উজ্জীবিত রাখায় তারেক রহমানকেও ভালোবাসে দেশবাসী।
সমাবেশে অপরাজেয় বাংলাদেশের সহ-সভাপতি বাদল সরকার, সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন সিরাজীসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন