
নির্ধারিত ছয় মাসের আগেই সরকারি ও স্বায়ত্তশাসিত কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান, সাবেক অর্থসচিব ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় বেতন কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এই তথ্য দেন তিনি। বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন।
জাকির আহমেদ খান বলেন, গত এক দশকে মূল্যস্ফীতি ও জিডিপি বাড়লেও সে অনুযায়ী বেতন সমন্বয় হয়নি। সময়োপযোগী বেতন কাঠামো নির্ধারণের পাশাপাশি বিশেষায়িত চাকরির জন্য আলাদা বেতন কাঠামো, আয়কর বিবেচনায় বেতন নির্ধারণ, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা, যাতায়াত ও অন্যান্য ভাতার যৌক্তিকীকরণ, মূল্যস্ফীতির সঙ্গে বেতন সমন্বয়ের পদ্ধতি নিরূপণ, এবং পেনশন ও অবসর সুবিধার আধুনিকায়ন নিয়ে আমরা কাজ করছি।
তিনি আরও জানান, কর্মকর্তাদের কাজের মান মূল্যায়ন করে বেতন কাঠামো প্রণয়ন, গাড়ি, টেলিফোন ও রেশন সুবিধার যৌক্তিকীকরণ এবং বেতন গ্রেড ও ইনক্রিমেন্টের অসংগতি দূরীকরণের সুপারিশও কমিশন প্রস্তুত করছে। বেতন কাঠামো চূড়ান্ত করতে আমাদের ছয় মাস সময় দেওয়া হয়েছে, তবে আশা করছি এর আগেই আমরা প্রতিবেদন জমা দিতে পারব, যোগ করেন তিনি।
বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য এমন একটি বেতন কাঠামো নির্ধারণ করতে হবে যা বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কেবল বেতন বাড়িয়ে নয়, স্বাস্থ্যবীমার মতো গুরুত্বপূর্ণ বিষয়েও মনোযোগ দিতে হবে। অনেক সময় দেখা যায়, একটি অসুখেই মানুষ সব হারায়। বীমা থাকলে পরিবার নিরাপদ থাকে প্রতিবেশী দেশগুলোতেও এমন মডেল রয়েছে।
প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী, স্বাস্থ্যবীমা ব্যবস্থা অন্তর্ভুক্ত করা এবং কর্মকর্তাদের কল্যাণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
এক দশক পর গঠিত জাতীয় বেতন কমিশন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন, ভাতা ও সুবিধা পর্যালোচনা করে সুপারিশ করবে।
বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন