
দক্ষিণ এশিয়ার অন্তত ছয়টি দেশে মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (স্থানীয় সময়) বিকেল ৫টা ১১ মিনিটের দিকে রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
ইউএসজিএসের তথ্যমতে, বাংলাদেশ, ভারত, নেপাল, মিয়ানমার, ভুটান ও চীনের কিছু এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভারতের উত্তরাঞ্চলীয় আসাম রাজ্যের উদলগুরি জেলার ঢেকিয়াজুলি এলাকায়। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়ায় কেন্দ্রস্থলে তীব্র কম্পন অনুভূত হয়।
জার্মানির ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, উত্তর-পূর্ব ভারতে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭১।
ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আসামের রাজধানী গুয়াহাটিসহ বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুয়াহাটির বাসিন্দাদের অনেকে নিরাপত্তার জন্য ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বের হয়ে আসেন।
স্থানীয় এক বাসিন্দা ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে বলেন, মনে হচ্ছিল এই কম্পন থামছেই না। আরেকজন জানান, কিছুক্ষণের জন্য মনে হয়েছিল ছাদ ভেঙে পড়বে।
আসামের সাবেক মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানওয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লিখেছেন, আসামে বড় ভূমিকম্প হয়েছে। সবার নিরাপত্তা ও মঙ্গল কামনা করছি।
ভূমিকম্পের উৎপত্তি অগভীর হওয়ায় বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, পরবর্তী সময়ে আফটারশকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দক্ষিণ এশিয়ার ভূমিকম্পপ্রবণ এই অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প নতুন নয়, তবে কম গভীরতায় আঘাত হানায় এ ধরনের কম্পন তুলনামূলক বেশি অনুভূত হয়।
মন্তব্য করুন