
নেত্রকোনার ফান্দা গ্রামের মানুষের জীবনযাত্রা আর সংগ্রামকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নতুন নাটক ‘ফান্দা’। এ কে পরাগের পরিচালনায় নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার ও তানজিন তিশা।
পরিচালক এ কে পরাগ বলেন, ‘ফান্দা আসলে একটি গ্রামের নাম। নামটি এসেছে ফাঁদ থেকে—অর্থাৎ কোনো ফাঁদে আটকে যাওয়ার ঘটনার প্রতিফলনই এই নাম। গ্রামের মানুষের জীবনের টানাপোড়েন, স্বপ্ন আর বাস্তবতার দ্বন্দ্বই নাটকের গল্পে ফুটে উঠবে।’
নাটকে খলিল চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। চরিত্রটি নিয়ে তিনি বলেন, ‘খলিল একজন সাধারণ নিম্নবিত্ত মানুষের প্রতিনিধি হলেও তার স্বভাব ও চতুরতা তাকে আলাদা করেছে। গল্পটা পড়েই আমি রাজি হয়ে যাই। মনে হয়েছে, এই গ্রামের মানুষ আর তাদের জীবন কাহিনি সত্যিই অনন্য। ভাগ্য পরিবর্তনের চেষ্টায় একজন মানুষ কিভাবে এক অদ্ভুত বাস্তবতার মুখোমুখি হয়, সেটিই গল্পের মূল সুর।’
তানজিন তিশাও গল্পের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। নাটকের মূল উপজীব্য হলো গ্রামীণ জীবনের সহজ-সরল মানুষ, তাদের আশা-আকাঙ্ক্ষা, প্রেম ও বেদনা।
‘ফান্দা’ নাটকটি আগামী বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) প্রচার হবে ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে।
মন্তব্য করুন