
নরওয়ের ফুটবলে আবারও নতুন ইতিহাস রচনা করলেন আর্লিং হালান্ড। জাতীয় দলের জার্সিতে এবার যেন একাই ধ্বংসযজ্ঞ চালালেন তিনি। বিশ্বকাপ বাছাইপর্বে মলদোভার বিপক্ষে করলেন পাঁচ গোল, করালেন আরও দুটি। তার দুর্দান্ত নৈপুণ্যে ওসলোতে মঙ্গলবার রাতে মলদোভাকে ১১-১ গোলে উড়িয়ে দিয়েছে নরওয়ে।
উলেভাল স্টেডিয়ামে ম্যাচের ষষ্ঠ মিনিটে ফেলিক্স হর্ন মাইরেকের গোলে এগিয়ে যায় নরওয়ে। সেই গোলের অ্যাসিস্টও করেন হালান্ড। এরপর শুরু হয় তার গোল-বন্যা। প্রথমার্ধেই মাত্র ৩২ মিনিটে পূর্ণ করেন দুর্দান্ত হ্যাটট্রিক (১১, ৩৬ ও ৪৩ মিনিটে)। তার সঙ্গে আর্সেনাল তারকা মার্টিন ওডেগার্ডও জ্বলে ওঠেন, করেন একটি গোল এবং হালান্ডের দুটি গোলে সহায়তা দেন।
দ্বিতীয়ার্ধেও গতি কমাননি ‘গোল মেশিন’। ৫২ মিনিটে নিজের চতুর্থ গোল এবং ৮৩ মিনিটে করেন পঞ্চম গোল। আন্তর্জাতিক ক্যারিয়ারে এটাই প্রথমবার এক ম্যাচে তার পাঁচ গোল।
বদলি হিসেবে নেমে আলো ছড়ান রেঞ্জার্স মিডফিল্ডার থিও আসগার্ড। তিনি হ্যাটট্রিকসহ চারটি গোল করেন। তবে লিও অস্টিগার্ডের আত্মঘাতি গোলে মলদোভা এক গোলের সান্ত্বনা পায়। ফলে খেলা শেষ হয় ১১-১ ব্যবধানে।
নরওয়ের সামনে এখনো রয়েছে ইসরায়েল, এস্তোনিয়া ও ইতালির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ। বিশেষ করে আগামী ১৬ নভেম্বর ইতালির বিরুদ্ধে ম্যাচটিই গ্রুপ চ্যাম্পিয়নশিপ নির্ধারণ করতে পারে।
মন্তব্য করুন