
বাংলাদেশে প্রতিদিনের গৃহস্থালির কাজ রান্না, কাপড় ধোয়া, ঘর পরিষ্কার, শিশু ও বয়স্কদের যত্ন নেওয়া কিংবা অসুস্থের সেবা এসবকে অর্থনীতির বাইরে রাখা হলেও, প্রথমবারের মতো এর আর্থিক মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে বিবিএস অডিটরিয়ামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে এ অদৃশ্য শ্রমের আর্থিক মূল্য দাঁড়িয়েছে ৬ দশমিক ৭ ট্রিলিয়ন টাকা বা ৬ লাখ ৭০ হাজার কোটি টাকা। দেশের মোট জিডিপির প্রায় ১৮ দশমিক ৯ শতাংশের সমান এই অবদানের ৮৫ শতাংশই এসেছে নারীদের কাছ থেকে।
নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, “নারীর শ্রম দীর্ঘদিন অর্থনীতির ছায়ায় ছিল। এই প্রতিবেদন সেই অমূল্য অবদানকে দৃশ্যমান করেছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি এবং পরিসংখ্যান ও তথ্যব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার। সভাপতিত্ব করেন বিবিএসের মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান।
বিবিএসের উপপরিচালক আসমা আখতার জানান, সময় ব্যবহার জরিপ ২০২১ ও শ্রমশক্তি জরিপ ২০২২-এর তথ্য বিশ্লেষণ করে এই হিসাব তৈরি করা হয়েছে। প্রতিবেদনে যত্ন খাতকে জাতীয় বাজেট ও উন্নয়ন কৌশলে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি পুরুষদেরও ঘরের কাজে অংশগ্রহণে উৎসাহিত করার সুপারিশ করা হয়েছে।
এশীয় উন্নয়ন ব্যাংকের প্রধান পরিসংখ্যানবিদ মাহিন্থান জোসেফ মারিয়াসিংহাম এক ভিডিও বার্তায় বলেন, “নারীর অদৃশ্য শ্রমকে অর্থনীতির মূল স্রোতে আনার এই উদ্যোগ বাংলাদেশের জন্য একটি অগ্রণী পদক্ষেপ।”
বিশেষজ্ঞরা মনে করছেন, নারীর অদেখা শ্রমের এই পরিসংখ্যান শুধু সংখ্যার হিসাব নয়, বরং নীতি ও বাজেটে লিঙ্গ-সংবেদনশীলতা বাড়ানোর একটি নতুন ভিত্তি।
মন্তব্য করুন