
নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের বিরুদ্ধে চলমান বিক্ষোভ ভয়াবহ রূপ নিয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৬ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। আহত হয়েছেন শতাধিক মানুষ, যাদের মধ্যে কয়েকজন পুলিশ সদস্যও রয়েছেন।
কাঠমান্ডু উপত্যকা পুলিশের মুখপাত্র জানান, দুঃখজনকভাবে প্রাণহানির ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট, টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে। তবে তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
সংঘর্ষ শুরু হয় যখন বিক্ষোভকারীরা নিষেধাজ্ঞা অমান্য করে পার্লামেন্ট প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করে। এ সময় ব্যাপক ভাঙচুর ও পুলিশের সঙ্গে হাতাহাতি হয়। আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে বহু বিক্ষোভকারী আহত হন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতদের মধ্যে অনেকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
বিক্ষোভকারীদের অধিকাংশই তরুণ প্রজন্ম। তারা সরকারের দুর্নীতি এবং ২৬টি অনিবন্ধিত সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম যার মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব ও স্ন্যাপচ্যাট রয়েছে নিষিদ্ধের সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় নেমেছে।
সংঘর্ষের পর কাঠমান্ডু জেলা প্রশাসন রাজধানীর বিভিন্ন এলাকায় কারফিউ জারি করেছে। তবে এ আন্দোলন শুধু কাঠমান্ডুতেই সীমাবদ্ধ নয়, বরং দেশের অন্যান্য বড় শহরেও ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
মন্তব্য করুন