
লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা একান্তই তার নিজস্ব সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি জানান, তারেক রহমান দেশে ফিরতে চাইলে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্টের মতো সহায়তা দিতে প্রস্তুত রয়েছে অন্তর্বর্তী সরকার।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন, ‘সিদ্ধান্ত তার, সহায়তা দেবে সরকার’
এক সাংবাদিক জানতে চান, বিএনপি নেতাকে দেশে ফেরাতে সরকার কোনো প্রক্রিয়া হাতে নেবে কিনা। জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন,
“উনি এই দেশের নাগরিক, যেকোনো সময় দেশে আসতে পারেন। আসার জন্য যদি তার ট্রাভেল ডকুমেন্টস নিয়ে কোনো ঝামেলা থাকে, সেটার সমাধান আমরা করব। কিন্তু সিদ্ধান্তটা তাকে নিজেকেই নিতে হবে।”
তিনি আরও বলেন, “সরকার তাকে আসতে বলবে না বা কোনো উদ্যোগ নেবে না। তবে তিনি যখন আসতে চাইবেন, তখন আমরা যেটুকু সহায়তা দেওয়া প্রয়োজন, সেটা অবশ্যই করব।
তারেক রহমান লন্ডনের বাংলাদেশ মিশনে পাসপোর্টের জন্য আবেদন করেছেন কিনা এ বিষয়ে উপদেষ্টা বলেন,
“আমি জানি না তিনি আবেদন করেছেন কিনা। যদি করেও থাকেন তা আমার জানা নেই। তবে তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিলে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট যেটাই প্রয়োজন হবে, সেটা আমরা দিতে পারব।
এদিকে, বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ আসামিদের খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের বেঞ্চ বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে এই রায় দেন। হাইকোর্টের রায়ের কিছু অংশ সংশোধন ও প্রত্যাহার সাপেক্ষে পর্যবেক্ষণও যুক্ত করা হয়।
মন্তব্য করুন