
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সম্প্রতি এক সংবাদ সম্মেলনে চাঞ্চল্যকর দাবি করেছেন, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের স্মার্টফোন হ্যাক করতে সক্ষম নয়। তিনি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উপহার দেওয়া একটি হুয়াওয়ে ডিভাইস হাতে নিয়ে একে “বিশ্বের সেরা ফোন” বলে উল্লেখ করেন। মাদুরোর হাতে থাকা ফোনটি সম্ভবত হুয়াওয়ের ২০২৪ সালে উন্মোচিত ফোল্ডেবল মেট এক্স৬ মডেল।
মাদুরো বলেন, “আমেরিকানরা এটি হ্যাক করতে পারবে না। তাদের কোনো গোয়েন্দা বিমান বা স্যাটেলাইটও এ ফোন ভাঙতে পারবে না।”
তবে মাদুরোর দাবির সঙ্গে একমত নন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রভিত্তিক একজন গবেষক টেকক্রাঞ্চকে জানান, হুয়াওয়ে ডিভাইসগুলো আসলে আরও বেশি অরক্ষিত হতে পারে। কারণ প্রতিষ্ঠানটি নিজস্ব হার্ডওয়্যার এবং সফটওয়্যার হারমোনিওএস (HarmonyOS) ব্যবহার করে। তার ভাষায়, “আইওএস ও অ্যান্ড্রয়েডের তুলনায় নতুন কোডে নিরাপত্তা ত্রুটির সম্ভাবনা অনেক বেশি।”
বিশেষজ্ঞরা আরও বলেন, হারমোনিওএস নিয়মিত আপডেট ছাড়া নিরাপত্তাহীন হয়ে পড়তে পারে। যদিও হুয়াওয়ে নির্দিষ্ট মডেলের জন্য মাসিক নিরাপত্তা প্যাচ সরবরাহ করে, তবে কিছু টেলিকম অপারেটর কেবল ত্রৈমাসিক আপডেট দেয়। কেবল গত আগস্টেই হুয়াওয়ে ৬০টি বাগ ঠিক করেছে, যার মধ্যে ১৩টি ছিল অত্যন্ত গুরুতর।
যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই হুয়াওয়ের নিরাপত্তা ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করে আসছে। ২০১৩ সালে এডওয়ার্ড স্নোডেন ফাঁস করা নথিপত্রে প্রকাশ পায়, ২০১৪ সালে মার্কিন গোয়েন্দা সংস্থা এনএসএ (NSA) হুয়াওয়ের শেনজেন কার্যালয় এবং সার্ভারে অনুপ্রবেশ করেছিল। লক্ষ্য ছিল বৈশ্বিক নেটওয়ার্কে প্রবেশাধিকার অর্জন করা, কারণ বিশ্বের বহু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানই তখন হুয়াওয়ের প্রযুক্তি ব্যবহার করত।
বিশেষজ্ঞদের মতে, হুয়াওয়ে ফোন মার্কিন গোয়েন্দারা কখনোই হ্যাক করতে পারবে না মাদুরোর এই দাবি প্রযুক্তিগত বাস্তবতার সঙ্গে মেলে না। বরং হারমোনিওএসের নিরাপত্তা দুর্বলতা হ্যাকারদের জন্য বড় সুযোগ তৈরি করতে পারে। তবে মাদুরোর বক্তব্য নতুন করে চীন-যুক্তরাষ্ট্র প্রযুক্তি দ্বন্দ্বকে উসকে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
মন্তব্য করুন