
আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপে নতুন চমক নিয়ে দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। প্রথমবারের মতো বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন মাত্র ১৭ বছর বয়সী কিশোরী উইকেটরক্ষক-ব্যাটার কারাবো মেসো। এর আগে তিনি খেলেছেন মাত্র ২টি ওয়ানডে ও মোট সাতটি আন্তর্জাতিক ম্যাচ। বয়সভিত্তিক ক্রিকেটে অভিজ্ঞ এই তরুণী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুইবার অংশ নিয়েছেন এবং এ বছর স্টেইন সিটির হয়ে এসএ২০ স্কুলস শিরোপাও জিতেছেন।
শুধু মেসো নন, এবারের দলে আরও কয়েকজন খেলোয়াড় প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। তাদের মধ্যে আছেন অফ-স্পিন অলরাউন্ডার নন্দুমিসো শাঙ্গাসে, আনেকে বোশ, নাদিন ডি ক্লার্ক ও আনারি ডেরক্সেন। যদিও তারা এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিজ্ঞতা অর্জন করেছেন।
অভিজ্ঞদের মধ্যে আছেন অধিনায়ক লরা উলভার্ট, মারিয়ান ক্যাপ, সুনে লুস, ক্লোয়ে ট্রায়ন ও আয়াবোঙ্গা খাকা। গত আসরে যারা দলকে সেমিফাইনালে তুলতে বড় ভূমিকা রেখেছিলেন, তারাই এবারও থাকছেন মূল ভরসা।
তবে এবারও জায়গা হয়নি সাবেক অধিনায়ক ডেন ফন নিইকির্কের। ফিটনেস ও প্রস্তুতির কারণে তিনি এখনও জাতীয় দলে ফিরতে পারেননি।
এই বিশ্বকাপ হবে নতুন প্রধান কোচ মান্ডলা মাশিম্বিইয়ের অধীনে দক্ষিণ আফ্রিকার প্রথম বড় টুর্নামেন্ট। তার সময়ে দলটির পারফরম্যান্স ওঠানামা করলেও সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে প্রোটিয়ারা।
বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে দক্ষিণ আফ্রিকা প্রথমে পাকিস্তান সফর করবে। ১৬ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত তারা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। এরপর ভারতে গিয়ে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে বিশ্বকাপ অভিযান। টানা দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ও দুটি ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার শিরোপা জয়ই লক্ষ্য দক্ষিণ আফ্রিকার।
মন্তব্য করুন