
ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলের টুয়ালোমি ও ক্যালাভেরাস কাউন্টিতে বজ্রপাত থেকে সৃষ্ট দাবানলে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবারের বজ্রপাতের পর ছড়িয়ে পড়া অন্তত ২২টি আগুনে বুধবার পর্যন্ত ১৩ হাজার একর বন, ঝোপঝাড় ও শুকনো ঘাসভূমি ভস্মীভূত হয়েছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সিয়েরা নেভাদার পশ্চিম ঢালে অবস্থিত ঐতিহাসিক ছোট্ট গ্রাম ‘চাইনিজ ক্যাম্প’। শহরের দুটি ঐতিহাসিক ভবন ও একটি পাহাড়চূড়ার কবরস্থান ধ্বংস হয়ে গেছে। তবে ১৮৫৪ সালে প্রতিষ্ঠিত গির্জাটি অক্ষত আছে।
ক্যালিফোর্নিয়া ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রটেকশন (ক্যালফায়ার) জানিয়েছে, দাবানলের কারণে পুরো চাইনিজ ক্যাম্পসহ আশপাশের এলাকায় জরুরি সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ৬০০-এরও বেশি দমকলকর্মী কাজ করছেন। এখনও হতাহতের খবর পাওয়া যায়নি।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম এক বিবৃতিতে বলেন, “দ্রুত ছড়িয়ে পড়া এই দাবানল মোকাবিলায় আমরা সব ধরনের সহায়তা নিচ্ছি, যার মধ্যে ফেডারেল সংস্থার সহায়তাও রয়েছে।
দাবানলে ঘরবাড়ি হারানো মানুষদের জন্য অন্তত দুটি মানবিক আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। পাশাপাশি গবাদিপশু ও পোষা প্রাণীদের জন্যও আলাদা কেন্দ্র চালু রাখা হয়েছে।
আগুনের বিস্তার রোধে দমকলকর্মীরা কাজ চালিয়ে গেলেও প্রবল বাতাস পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ক্ষয়ক্ষতির সঠিক হিসাব এখনো প্রকাশ করা হয়নি।
মন্তব্য করুন