
অভ্যন্তরীণ চাহিদা বাড়াতে এবং ভোক্তাদের স্বস্তি দিতে শত শত ভোগ্যপণ্যে কর কমানোর ঘোষণা দিয়েছে ভারত। সাবান, টুথপেস্ট থেকে শুরু করে ছোট গাড়ি, টেলিভিশন ও এয়ার কন্ডিশনার পর্যন্ত পণ্যের ওপর জিএসটি হ্রাস করা হয়েছে।
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, দীর্ঘদিনের সমালোচিত চার স্তরের কর কাঠামোকে সরলীকরণ করে এবার দুটি স্তরে আনা হয়েছে। সাধারণ ব্যবহার্য পণ্যের কর কমানো এবং কর কাঠামো সহজীকরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ও রাজ্যগুলোর যৌথ জিএসটি প্যানেল।
তার ভাষ্যে, টুথপেস্ট ও শ্যাম্পুর ওপর কর ১৮ শতাংশ থেকে নামিয়ে ৫ শতাংশ করা হয়েছে। ছোট গাড়ি, টেলিভিশন ও এয়ার কন্ডিশনারের কর ২৮ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে। এছাড়া ব্যক্তিগত জীবনবীমা ও স্বাস্থ্যবীমার ওপর থেকে সম্পূর্ণভাবে জিএসটি তুলে নেওয়া হয়েছে।
এই পদক্ষেপে সরকারের রাজস্ব ক্ষতি হতে পারে প্রায় ৪৮০ বিলিয়ন রুপি। তবে বিশেষজ্ঞদের মতে, ভোগ বৃদ্ধি ও অর্থনীতির গতিশীলতায় ঘাটতির প্রভাব কাটিয়ে উঠতে পারবে দেশটি।
অর্থনীতিবিদ সৌম্যকান্তি ঘোষ বলেন, জিএসটি সরলীকরণ বাজারে ভোক্তাদের আস্থা বাড়াবে এবং শিল্প খাতে ইতিবাচক প্রভাব ফেলবে।
এ সিদ্ধান্তে সবচেয়ে বেশি সুবিধা পাবে হিন্দুস্তান ইউনিলিভার ও গোদরেজ ইন্ডাস্ট্রিজের মতো এফএমসিজি কোম্পানি এবং স্যামসাং, এলজি, সোনির মতো ইলেকট্রনিকস নির্মাতা প্রতিষ্ঠান। পাশাপাশি মারুতি, টয়োটা ও সুজুকির মতো গাড়ি নির্মাতা কোম্পানিগুলোও ভোক্তাদের চাহিদা বৃদ্ধির সুফল ভোগ করবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এই সংস্কার নাগরিকদের জীবনযাত্রা সহজ করবে এবং ক্ষুদ্র ব্যবসা ও উদ্যোক্তাদের জন্য ব্যবসার পরিবেশ আরও অনুকূল করবে।
মন্তব্য করুন