
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) যৌথভাবে ‘সেমিনার অন পাইলটিং লোকালি ডেভেলপড এআই ইন রেডিওলজি: অ্যা কলাবোরেটিভ ইনিশিয়েটিভ বিটুইন বিএমইউ অ্যান্ড বুয়েট’ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার হলে অনুষ্ঠিত এই সেমিনারে রেডিওলজিতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার, গুরুত্ব ও স্থানীয়ভাবে এআই উন্নয়নের ওপর বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথি ও সভাপতিত্ব
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান। সভাপতিত্ব করেন বিএমইউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।
গবেষণা প্রকল্প ও উদ্ভাবনী উদ্যোগ
বিশ্বব্যাংকের অর্থায়নে বুয়েটের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের তত্ত্বাবধানে ‘অ্যান আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স এনাবলড ওয়েব-অ্যাপলিকেশন ফর অ্যাসিসটিভ অনলাইন রিপোর্টিং অফ রেডিওলজিক্যাল ইমেজেস’ শীর্ষক গবেষণা প্রকল্পের অংশ হিসেবে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারের উদ্দেশ্য ও আলোচ্য বিষয়
প্রধান অতিথি অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান বলেন, “চিকিৎসাবিজ্ঞানে এআই ভবিষ্যৎ স্বাস্থ্যসেবায় বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। কার্যকর সুফল পেতে স্থানীয়ভাবে এআই উন্নয়ন জরুরি।”
বিএমইউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, “ডাক্তার ও ইঞ্জিনিয়াররা একসাথে কাজ করলে দেশের স্বাস্থ্যসেবা খাতের মানোন্নয়ন হবে এবং রোগীদের জন্য নতুন উদ্ভাবন কল্যাণ বয়ে আনবে।”
সেমিনারে বিএমইউ ও বুয়েটের শিক্ষক, চিকিৎসক এবং সংশ্লিষ্ট প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই ও আল্ট্রাসনোগ্রাফি থেকে প্রাপ্ত ইমেজে এআই ব্যবহার রিপোর্টিং প্রক্রিয়াকে দ্রুত, নির্ভুল ও কার্যকর করবে। এতে রোগীদের চিকিৎসা আরও সহজ ও সাশ্রয়ী হবে।
মন্তব্য করুন