
জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তির আনন্দ ভিন্নভাবে উদযাপন করলেন বলিউড বাদশাহ শাহরুখ খান ও অভিনেত্রী রানি মুখার্জি। দু’জনকে দেখা গেছে একসঙ্গে নাচতে যেন ফিরেছে ৯০ দশকের ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর দিনগুলো।
সামাজিক যোগাযোগমাধ্যমে শাহরুখ একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তাকে ও রানিকে দেখা যাচ্ছে জনপ্রিয় গান ‘তু পহেলি তু আখরি’-এর তালে নাচতে। হাতে চোট থাকলেও শাহরুখের নাচের উচ্ছ্বাস ভক্তদের আনন্দিত করেছে। রানিও তার সঙ্গে তাল মিলিয়ে ঝলমলে উপস্থিতি দেখিয়েছেন।
ভিডিওর ক্যাপশনে শাহরুখ লিখেছেন, জাতীয় পুরস্কার, আমাদের দু’জনের জীবনেরই অধরা স্বপ্ন যা এবার পূরণ হলো। তোমাকেও অনেক অভিনন্দন রানি। তোমাকে ভীষণ ভালোবাসি।
ভক্তরা মুহূর্তটিকে ‘রাহুল-টিনা জুটির প্রত্যাবর্তন’ বলে মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, “এমন দৃশ্য একদিন দেখব, ভাবতেও পারিনি।”
প্রসঙ্গত, প্রায় ৩০ বছরের অভিনয় জীবনে প্রথমবার জাতীয় পুরস্কার পাচ্ছেন রানি মুখার্জি। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির জন্য তাকে এ সম্মাননা দেওয়া হচ্ছে। অন্যদিকে, শাহরুখ খানও ‘জওয়ান’ সিনেমার জন্য প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন।
মন্তব্য করুন