
দিন কয়েক আগে সৌদি সুপার কাপের ফাইনালে হারের কষ্ট সয়ে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার লিগস কাপের ফাইনালে একই রকম হতাশা সঙ্গী হলো লিওনেল মেসির। বাংলাদেশ সময় রোববার ভোরে অনুষ্ঠিত ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে ৩-০ ব্যবধানে হেরে শিরোপা হাতছাড়া করেছে ইন্টার মায়ামি।
এ হারের ফলে মেসির ক্যারিয়ারের ৪৭তম শিরোপা জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো।
মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটলের লুমেন ফিল্ডে অনুষ্ঠিত ফাইনাল দেখতে হাজির হয়েছিলেন প্রায় ৭০ হাজার দর্শক, যা একটি নতুন রেকর্ড। মাঠে আক্রমণ ও বল দখলে এগিয়ে থাকলেও (৬৮ শতাংশ) কার্যকর আক্রমণে পিছিয়ে ছিল মায়ামি। তারা ১০টি শট নিলেও একটিও লক্ষ্যভেদ করতে পারেনি। বিপরীতে ৩২ শতাংশ বল দখলে রেখেও সিয়াটল তাদের ১১ শটের মধ্যে ৭টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।
ম্যাচের প্রথমার্ধের ২৬ মিনিটে ক্রিস্টিয়ান রোলডানের নিখুঁত ক্রসে হেড করে গোল করেন ওসাজে ডি রোজারিও। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে ব্যবধান বাড়ায় সিয়াটল।
শক্তিশালী দল নিয়ে মাঠে নামলেও মেসি-বাসকেতস আলবা সমৃদ্ধ মায়ামি বারবার প্রতিপক্ষের ডিফেন্স ভাঙতে ব্যর্থ হয়। দর্শকপূর্ণ স্টেডিয়ামে শেষ পর্যন্ত নিরাশাজনক হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।
মন্তব্য করুন