
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (৩১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটসংলগ্ন জোবরা গ্রামে এ সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সমঝোতা করতে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষ আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ আহত হন।
এ ছাড়া খবরের কাগজের প্রতিনিধি আরাফ সাংবাদিক পরিচয় দেওয়ার পরও হামলার শিকার হন বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষের সময় দুই পক্ষই একে অপরের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় একাধিক ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও সংঘর্ষ বেশ কিছুক্ষণ স্থায়ী হয়। তবে ঠিক কী কারণে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
মন্তব্য করুন