
জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান মতভিন্নতার মধ্যেই হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন। এই পরিস্থিতি সামাল দিতে আজ রোববার বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
গত শুক্রবার রাতে রাজধানীতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষের সময় সেনা ও পুলিশের লাঠিপেটায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক গুরুতর আহত হন। ঘটনাটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অন্তর্বর্তী সরকারসহ বিভিন্ন রাজনৈতিক দল এ ঘটনার নিন্দা জানিয়েছে। শনিবার প্রধান উপদেষ্টার নেতৃত্বে সরকারের বৈঠকে বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত হয়।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল বিকেলে সংবাদ সম্মেলনে জানান, আজ প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে আলাদাভাবে বৈঠকে বসবেন। বিএনপির সঙ্গে সন্ধ্যা সাড়ে সাতটায়, জামায়াতের সঙ্গে বিকেল সাড়ে চারটায় ও এনসিপির সঙ্গে সন্ধ্যা সাড়ে ছয়টায় বৈঠক হবে। বৈঠকগুলো প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় অনুষ্ঠিত হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “প্রধান উপদেষ্টা আমাদের ডেকেছেন। বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক অবস্থা ও নির্বাচন পরিস্থিতি নিয়েই আলোচনা হতে পারে। তবে ওই সময় আমাদের দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি আছে। তাই সময় সামঞ্জস্য করতে হতে পারে।”
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব প্রথম আলোকে জানান, তাঁদেরও বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। আলোচনায় সমসাময়িক পরিস্থিতি ও রাজনৈতিক অস্থিরতা নিরসনের পথ খোঁজা হবে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আলোচনায় জাতীয় পার্টির (জাপা) ভূমিকা নিয়েও আলোচনা হতে পারে। কারণ গণ অধিকার পরিষদ ইতোমধ্যে দলটিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করার দাবি তুলেছে। এদিকে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবির আইনগত দিক যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।
মন্তব্য করুন