বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। নির্বাচন না হলে দেশ ফ্যাসিবাদের ঝুঁকিতে পড়বে এবং জাতি বড় ক্ষতির সম্মুখীন হবে।
শুক্রবার (২৯ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবে সৈয়দা ফাতেমা সালাম রচিত ‘রক্তাক্ত জুলাই’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, নির্বাচন না হলে ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা বাড়বে। শুধু দেশের ভেতরেই নয়, বিদেশ থেকেও ফ্যাসিবাদ ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
দলের নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, ভাববেন না যে আপনারা ক্ষমতায় চলে এসেছেন। এখনো আমরা ক্ষমতার কাছেও যেতে পারিনি। সামনে অনেক ষড়যন্ত্র অপেক্ষা করছে। জনগণের কাছে পৌঁছাতে হলে সৎ ও ভালো কাজ করতে হবে।
গণতান্ত্রিক উত্তরণের রোডম্যাপ প্রসঙ্গে তিনি জানান, রাজনৈতিক দলগুলো সম্মিলিতভাবে এগিয়ে এলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। তবে বর্তমান পরিস্থিতিতে জনগণ বিভ্রান্ত হচ্ছে এবং নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার একমাত্র পথ।
সংস্কার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা করেছিলেন, আর খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র চালু করেছিলেন। বিএনপি সবসময় সংস্কারের পক্ষে।
কিছু রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, বিএনপিকে হেয়প্রতিপন্ন করার জন্য মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। কেউ যেন এমন সুযোগ না পায় যে বিএনপিকে খারাপ বলতে পারে।
তিনি দাবি করেন, দেশের মানুষ পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে। তাই বিএনপির দায়িত্ব হলো জনগণের সেই প্রত্যাশাকে বাস্তবে রূপ দেওয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ও সাংবাদিক আবদুল হাই শিকদার। প্রধান বক্তা ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন।
মন্তব্য করুন