
সরকারি কর্মচারীদের চিকিৎসা ও কল্যাণ সুবিধা বাড়িয়েছে সরকার। জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা অনুদান দুই লাখ টাকা থেকে বাড়িয়ে তিন লাখ এবং সাধারণ চিকিৎসার অনুদান ৪০ হাজার থেকে বাড়িয়ে ৬০ হাজার টাকা করা হয়েছে।
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে কর্মচারী কল্যাণ বোর্ড ও অর্থ মন্ত্রণালয়ের সম্মতির ভিত্তিতে সিদ্ধান্তটি গ্রহণ করা হয়।
মন্ত্রণালয়ের উপ-সচিব তাসলিমা আলী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারীদের দাফন বা অন্ত্যেষ্টিক্রিয়া অনুদান ৩০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। কর্মচারীদের পরিবারের সদস্য মৃত্যুতে এ অনুদান ১০ হাজার থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে।
এ ছাড়া যৌথ বিমার এককালীন অনুদান দুই লাখ থেকে বৃদ্ধি করে তিন লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। মাসিক কল্যাণ ভাতা দুই হাজার থেকে বাড়িয়ে তিন হাজার টাকা করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, বরাদ্দকৃত অর্থ এবং নিজস্ব রিসোর্সের মধ্যেই এ ব্যয় নির্বাহ করতে হবে। এ জন্য অতিরিক্ত বরাদ্দের দাবি করা যাবে না। পাশাপাশি অনুদান প্রদানে প্রাপ্যতা নিশ্চিত করতে হবে এবং সব ধরনের আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।
এই সিদ্ধান্তে চিকিৎসা ও কল্যাণ সুবিধা আরও সুরক্ষিত হবে বলে জানিয়েছেন সরকারি কর্মচারীরা।
মন্তব্য করুন