
আলুচাষিদের স্বার্থ রক্ষায় বড় পদক্ষেপ নিয়েছে সরকার। হিমাগারের গেটে প্রতিকেজি আলুর সর্বনিম্ন মূল্য ২২ টাকা নির্ধারণ করেছে কৃষি মন্ত্রণালয়। পাশাপাশি ৫০ হাজার টন আলু সরকারি উদ্যোগে ক্রয় করে হিমাগারে সংরক্ষণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে আলুর বিক্রয়মূল্য উৎপাদন খরচের তুলনায় অনেক কম হওয়ায় কৃষকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার নির্দেশে আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করতে কৃষি মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে একটি চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশ পর্যালোচনা করে সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে।
সিদ্ধান্তগুলো হলো:
১. হিমাগার গেটে আলুর কেজি প্রতি ন্যূনতম মূল্য ২২ টাকা নির্ধারণ।
২. সরকারি উদ্যোগে ৫০ হাজার টন আলু ক্রয় করে হিমাগারে সংরক্ষণ ও অক্টোবর-নভেম্বর মাসে বাজারজাত।
৩. আগামী মৌসুমে আলুচাষিদের জন্য বিশেষ প্রণোদনা প্রদান।
কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, এসব উদ্যোগের মাধ্যমে কৃষকদের ক্ষতি কমানো, উৎপাদনে উৎসাহ দেওয়া এবং বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।
মন্তব্য করুন