
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকারের ভেতরে একটি মহল চেষ্টা করছে যাতে গণতান্ত্রিক পক্ষের শক্তি ক্ষমতায় আসতে না পারে। তিনি বলেন, এসব জটিলতা এড়ানো যেত যদি তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়া হতো।
বুধবার (২৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “আজকালকার বেশিরভাগ মানুষ নষ্ট হয়ে গেছে। যেদিকে তাকাই খালি দুর্নীতি। আগে যেখানে ১ লাখ টাকা দিলেই হতো, এখন ৫ লাখ টাকা লাগে। রাজনৈতিক নেতারাও এই দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন, যা দেশের ক্ষতিই করছে।”
তিনি আরও বলেন, স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করার প্রচেষ্টা চলছে। “৭১’কে কেউ ভুলিয়ে দিতে পারবে না। আমরা চোখের সামনে ভাইদের গলা কাটতে দেখেছি, মা-বোনের ইজ্জত লুণ্ঠিত হতে দেখেছি। যারা সেদিন সহযোগিতা করেছে, তারাই আজ বড় বড় কথা বলছে।”
দেশ বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সরকারের কাছে বলতে চাই, সংস্কারের জটিলতা দ্রুত শেষ করুন, নির্বাচনের চূড়ান্ত ব্যবস্থা নিন। জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত না হলে সুযোগসন্ধানীরা ফায়দা নিতে বসে থাকবে।
মন্তব্য করুন