
প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলন আরও এক ধাপ এগিয়েছে। সরকারের গঠিত ‘নিরীক্ষা কমিটি’ প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা বলছেন— কমিটিতে তাদের প্রতিনিধি না থাকলে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বুধবার (২৭ আগস্ট) বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি জুবায়ের আহমেদ এ ঘোষণা দেন।
তিনি জানান, প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে আন্দোলনকারীদের সামনে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং জবাবদিহি করতে হবে।
১. প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত কমিটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি ও প্রকৌশল অধিকার আন্দোলনের স্টেকহোল্ডারদের অন্তর্ভুক্ত করতে হবে।
২. আগের তিন দফা দাবি দ্রুততম সময়ে মেনে নিয়ে নির্বাহী আদেশে প্রজ্ঞাপন জারি করতে হবে।
৩. উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান, আদিলুর রহমান ও সৈয়দ রিজওয়ানা হাসানকে আজকের মধ্যে নিশ্চয়তা দিতে হবে।
৪. পুলিশের হামলায় আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয় সরকারকে বহন করতে হবে।
৫. আন্দোলন চলাকালে সব শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং চাকরিচ্যুত করতে হবে।
সংবাদ সম্মেলনে জুবায়ের আহমেদ আরও বলেন, পুলিশের মাধ্যমে যৌক্তিক আন্দোলন দমন করা যাবে না। শিক্ষার্থীদের ওপর আর কোনো হামলা হলে আন্দোলন আরও বিস্তৃত হবে।
মন্তব্য করুন