
মিয়ানমারের সামরিক জান্তাবিরোধী সশস্ত্র বিদ্রোহীরা দেশটির ঐতিহাসিক ও বিশ্বের অন্যতম উঁচু রেলসেতু গোকটেইক সেতু বোমা হামলায় ধ্বংস করেছে। রোববার (১৭ আগস্ট) সামরিক জান্তার বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
জান্তা সরকারের দাবি, অভ্যুত্থানবিরোধী বিদ্রোহী সংগঠন তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) এবং পিপলস ডিফেন্স ফোর্স যৌথভাবে এ বিস্ফোরণ ঘটায়। ভিডিও বার্তায় জান্তা মুখপাত্র জ্য মিন তুন বলেন, বিদ্রোহীরা সমন্বিত বোমা হামলা চালিয়ে ঐতিহাসিক এই সেতুটি উড়িয়ে দিয়েছে।
ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৩৪ ফুট উঁচুতে অবস্থিত গোকটেইক রেলওয়ে সেতু মিয়ানমারের সর্বোচ্চ সেতু। ১৯০১ সালে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে নির্মিত এই সেতুটি চালুর সময় বিশ্বের সবচেয়ে উঁচু রেলওয়ে ট্রেসেল সেতু হিসেবে পরিচিতি পেয়েছিল।
উল্লেখ্য, ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকেই দেশটিতে গৃহযুদ্ধ চলছে। বিভিন্ন জাতিগত সশস্ত্র গোষ্ঠী ও গণতন্ত্রকামী প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে দমন অভিযান চালিয়ে আসছে ক্ষমতাসীন সামরিক বাহিনী। তবে সাম্প্রতিক বছরগুলোতে বিদ্রোহীদের হামলায় জান্তার গুরুত্বপূর্ণ স্থাপনা ও অবকাঠামো বড় ধরনের ক্ষতির মুখে পড়ছে।
মন্তব্য করুন