
বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) উপনির্বাহী পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা কার্ল স্কাউ কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন। আগামী ২৭ আগস্ট তিনি এ সফরে আসছেন।
রোহিঙ্গা আগমনের অষ্টম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সরকারের আয়োজনে ২৫-২৬ আগস্ট কক্সবাজারে অনুষ্ঠিতব্য স্টেকহোল্ডার সংলাপ শেষে তিনি এ সফরে যাবেন।
এ ছাড়া কার্ল স্কাউ ঢাকা সফর করবেন এবং আগামী ২৯ আগস্ট (শুক্রবার) গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে।
কার্ল স্কাউ ডব্লিউএফপির সামগ্রিক সমন্বয়, কৌশলগত দিকনির্দেশনা, মানবিক কূটনীতি এবং মাঠ পর্যায়ের কার্যক্রমের নেতৃত্ব দিয়ে থাকেন। পাশাপাশি আন্তঃসংস্থা সহযোগিতা ও অংশীদারত্ব বাড়াতে করপোরেট প্রচেষ্টাকেও তিনি সহায়তা করেন।
কূটনীতি, মানবিক কার্যক্রম, শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়ন খাতে তার ২০ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। বিভিন্ন অঞ্চল ও আন্তর্জাতিক সংস্থায় কাজ করার অভিজ্ঞতা তাকে মানবিক সংকট মোকাবিলায় বিশেষ ভূমিকা রাখতে সহায়তা করেছে।
মন্তব্য করুন