
চলতি আগস্ট মাসের প্রথম ২০ দিনে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৬৪ কোটি ২০ লাখ ডলার। স্থানীয় মুদ্রায় যা প্রায় ২০ হাজার ৩২ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৫৩ কোটি ডলার। অর্থাৎ এ বছর ২০ দিনের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে প্রায় ১১ কোটি ২০ লাখ ডলার।
এ নিয়ে চলতি অর্থবছরের জুলাই থেকে আগস্টের ২০ তারিখ পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৪১২ কোটি ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ৩৪৪ কোটি ৩০ লাখ ডলার। সে হিসাবে রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২০ শতাংশ।
এর আগে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলার, যা টাকায় প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি। তবে ওই মাসে দেশের ৮টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, গত ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স আসে, যা ছিল বছরের রেকর্ড। পুরো অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।
২০২৪-২৫ অর্থবছরের মাসভিত্তিক তথ্য অনুযায়ী, জুলাইয়ে এসেছিল ১৯১ কোটি ডলার, আগস্টে ২২২ কোটি ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ডলার, অক্টোবরে ২৩৯ কোটি ডলার, নভেম্বরে ২২০ কোটি ডলার, ডিসেম্বরে ২৬৪ কোটি ডলার, জানুয়ারিতে ২১৯ কোটি ডলার, ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি ডলার, মার্চে রেকর্ড ৩২৯ কোটি ডলার, এপ্রিলে ২৭৫ কোটি ডলার, মে মাসে ২৯৭ কোটি ডলার এবং জুনে ২৮২ কোটি ডলারের রেমিট্যান্স আসে দেশে।
মন্তব্য করুন