
ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ১৫ ঘণ্টার দীর্ঘ ও জটিল অস্ত্রোপচারে নতুন জীবন ফিরে পেয়েছেন ক্যান্সার আক্রান্ত এক নারী। ৩৫ বছর বয়সী সেলিনা বেগম (ছদ্মনাম) নিচের চোয়ালের প্রায় ৭০ শতাংশ ক্যান্সারে ক্ষতিগ্রস্ত হওয়ার পর চিকিৎসকদের নিরলস প্রচেষ্টায় সুস্থ হয়ে উঠেছেন।
গত সোমবার (১৮ আগস্ট) এ অস্ত্রোপচার সম্পন্ন হয়। নেতৃত্ব দেন বিভাগের সহকারী অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল-মাসুদ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, দীর্ঘ পরিকল্পনা ও প্রস্তুতির পর এই কঠিন সার্জারিটি সফলভাবে শেষ করা সম্ভব হয়েছে।
ডা. মাসুদ বলেন, রোগীর চোয়ালের ক্ষতিগ্রস্ত অংশ প্রতিস্থাপনের জন্য আমরা শরীরের দুই জায়গা থেকে হাড় ও টিস্যু নিয়েছি ফিবুলা ফ্রি ফ্ল্যাপ (পায়ের হাড় থেকে) এবং অ্যান্টেরিয়র ল্যাটেরাল থাই ফ্ল্যাপ (উরুর মাংসপেশি থেকে)। সাধারণত একটি অপারেশনে একটি ফ্ল্যাপ নেওয়া হয়, কিন্তু আমরা দুটি ফ্ল্যাপ ব্যবহার করেছি। এতে ঝুঁকি এবং সময় দুটোই বেশি ছিল।
টানা ১৫ ঘণ্টার অস্ত্রোপচারের পর রোগী সুস্থ আছেন বলে নিশ্চিত করেছেন চিকিৎসক। এ সাফল্যের কৃতিত্ব অ্যানেস্থেশিয়া টিম, নার্সিং স্টাফ এবং হাসপাতালের অন্যান্য সহযোগীদেরও দেন তিনি।
ডা. মাসুদ বলেন, এটি ছিল আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা। যারা ডিউটির বাইরে থেকেও রাতভর সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমি গভীর কৃতজ্ঞ।
চিকিৎসকরা জানিয়েছেন, রোগীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। নিয়মিত পর্যবেক্ষণ শেষে তাকে শিগগিরই হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে।
মন্তব্য করুন