
ঢাকা, ২১ আগস্ট, ইউক্রেন যুদ্ধকে ঘিরে চলমান আন্তর্জাতিক আলোচনা ও ব্যস্ততার কারণে এশিয়ার পাঁচটি দেশে নির্ধারিত সফর বাতিল করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এর ফলে বাংলাদেশের নির্ধারিত সফরও বাতিল হলো। বৃহস্পতিবার (২১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে আগামী ৩০ আগস্ট দুই দিনের সফরে ঢাকায় আসার কথা ছিল মেলোনির। সফরকালে তার কন্যাকেও সঙ্গে আনার পরিকল্পনা ছিল বলে জানা গেছে। প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছিল। ৩১ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করার কথা ছিল ইতালির প্রধানমন্ত্রীর।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কূটনীতিক জানান, বাংলাদেশ দিয়ে মেলোনির এশিয়া সফর শুরু হওয়ার কথা ছিল। এরপর তিনি সিঙ্গাপুর, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও জাপান সফরে যাওয়ার কথা ছিল। তবে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার আলোচনায় ন্যাটোভুক্ত দেশগুলোর অন্যতম শীর্ষ নেতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন মেলোনি। ফলে এশিয়া সফরের সময়সূচি আপাতত বাতিল করতে হয়েছে তাকে।
মন্তব্য করুন