
ঢাকা, ২০ আগস্ট একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নয় দফা প্রস্তাব দিয়েছে এবি পার্টি। বুধবার (২০ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে দলটির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু সাংবাদিকদের এ তথ্য জানান।
বৈঠক শেষে মঞ্জু বলেন, এবি পার্টি মনে করে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থীদের নির্বাচনী স্বেচ্ছাসেবক হিসেবে কাজে লাগানো যেতে পারে। সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় শিক্ষার্থীরা চমৎকার ভূমিকা রেখেছে, যা ভোটকেন্দ্রে সহিংসতা রোধে সহায়ক হতে পারে। প্রস্তাবটি নির্বাচন কমিশন ইতিবাচকভাবে গ্রহণ করেছে বলেও তিনি জানান।
নির্বাচনী ব্যয় কমাতে এবি পার্টি তিনটি প্রস্তাব দিয়েছে:
১. পোস্টার মুদ্রণ : প্রার্থীদের পরিবর্তে নির্বাচন কমিশন নিজেই পোস্টার ছাপাবে, যাতে পরিবেশ সংরক্ষণ ও খরচ কমানো যায়।
২. জনসভা সীমিতকরণ : বড় জনসভা ও মিছিলের পরিবর্তে বিকল্প প্রচারণা ব্যবস্থার চিন্তা করা উচিত।
৩. ভোটার পরিবহন : ভোটারদের ভোটকেন্দ্রে আনা-নেওয়ার খরচ প্রার্থীদের না দিয়ে ইসি যেন শাটল সার্ভিস চালু করে।
এ ছাড়া পোলিং এজেন্টদের খাবার-নাস্তার ব্যবস্থা কমিশনকে করার আহ্বান জানিয়েছে দলটি। এবি পার্টির মতে, এসব পদক্ষেপ বাস্তবায়ন হলে মধ্যবিত্ত প্রার্থীরাও আর্থিক চাপ ছাড়াই সততার সঙ্গে নির্বাচনে অংশ নিতে পারবেন।
মন্তব্য করুন